শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 3

জেনারেল হাসপাতালে কোটি টাকার সেন্ট্রাল অক্সিজেন অবকাঠামো কার্যত অচল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কোটি টাকার সেন্ট্রাল অক্সিজেনের সংযোগ থাকলেও প্রয়োজনীয় হিউমিডিফায়ার বোতল ও ফ্লোমিটারের তীব্র সংকট দেখা দিয়েছে।

হাসপাতালের অধিকাংশ ওয়ার্ডে এসব জরুরি যন্ত্রাংশ নেই। এর সঙ্গে অকেজো হয়ে পড়ে আছে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার একাধিক আউটারও।

ফলে মুমূর্ষু রোগীদের অনেককেই সচল অক্সিজেনযুক্ত বেডের পাশে মেঝেতে পাটি বিছিয়ে কিংবা অন্য রোগীর বেডের নিচে বসিয়ে অক্সিজেন দিতে হচ্ছে। এতে একদিকে যেমন রোগীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে জরুরি মুহূর্তে কাঙ্ক্ষিত অক্সিজেন সেবা না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরজমিনে হাসপাতালের ১০টি ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিশেষ করে পুরুষ সার্জারি ১০ নম্বর ওয়ার্ড ও মহিলা সার্জারি ৬ নম্বর ওয়ার্ডে সংকট সবচেয়ে বেশি। ৬ নম্বর ওয়ার্ডে ১৮টি বেডের বিপরীতে সচল হিউমিডিফায়ার ও ফ্লোমিটার রয়েছে মাত্র দুটিতে। আর ১০ নম্বর ওয়ার্ডে ২৮টি বেডের বিপরীতে সচল রয়েছে মাত্র পাঁচটি।

এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে ২০টি বেডের মধ্যে ছয়টি অক্সিজেন ব্যবস্থার সংযোগ অচল অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্য ওয়ার্ডগুলোর চিত্রও প্রায় একই দেখা গেছে।

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন আব্বাস বলেন, তার রোগীর অবস্থা গুরুতর হওয়ায় নির্দিষ্ট বেডে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা না পেয়ে অন্য একটি বেডের পাশে মেঝেতে পাটি বিছিয়ে অক্সিজেন দিতে হয়েছে।

তিনি বলেন, রোগীর অবস্থা খুব খারাপ ছিল। তাই আরেক বেডের নিচে পাটি বিছিয়ে অক্সিজেন নিতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের উচিত বিষয়টি দ্রুত ঠিক করা।

১০ নম্বর ওয়ার্ডে ১৬ দিন ধরে ভর্তি থাকা পোড়াদহের কালীনাথপুরের মুক্তা বলেন, এগুলো তো চলেই না। যখন দরকার হয়, যেখানে ভালো আছে রোগীকে সেখানে নিয়ে যায়। আবার কোনো কোনো সময় ওই বোতল খুলে এনে অন্য জায়গায় লাগিয়ে অক্সিজেন দেওয়া হয়।

হাসপাতালে ভর্তি সদর উপজেলার আসাননগরের আব্দুর রাজ্জাক বলেন, আমি অক্সিজেন নিচ্ছি। বেড ফাঁকা ছিল, তাই অক্সিজেন থাকা বেড নিয়েছি। তবে এখানে অক্সিজেনের বোতল নাই।

৬ নম্বর ওয়ার্ডের নার্স ইনচার্জ বিলকিস খাতুন বলেন, আমার এখানে এক বছর হয়ে গেছে। আমার ওয়ার্ডে দুটি সচল আছে। আমি অনসার্ভিসে জানিয়েছি। তবে আমাদের দুটি অক্সিজেন সিলিন্ডার আছে।

১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স রাবেয়া বলেন, ইনচার্জ বলতে পারবেন কয়টা ভালো আছে। আমাদের সব সিস্টেম জানা আছে। খারাপ রোগী হলে অন্য বেডের পাশে বসিয়ে দিই।

ওয়ার্ড সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপনের পর থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কয়েকটি আউটার নষ্ট হয়ে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও সেগুলো মেরামতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, কয়েক দফায় টেকনিশিয়ানরা এসে নষ্ট আউটারগুলো দেখে গেলেও সেগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে হিউমিডিফায়ার বোতল ও ফ্লোমিটার চুরি বা নষ্ট হওয়ার পর অনেক ক্ষেত্রে সেগুলোর পরিবর্তে নতুন যন্ত্রাংশ দেওয়া হয়নি।

ফলে সেন্ট্রাল অক্সিজেনের অবকাঠামো থাকলেও প্রয়োজনের সময় রোগীদের অক্সিজেন দিতে গিয়ে ওয়ার্ডের নার্স ও স্বজনদের পড়তে হচ্ছে বিপাকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়।

কিন্তু কোটি টাকা ব্যয়ে স্থাপিত সেই অবকাঠামো থাকার পরও হিউমিডিফায়ার বোতল ও ফ্লোমিটারের মতো তুলনামূলক কম মূল্যের যন্ত্রাংশের সংকটে রোগীদের কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে।

চিকিৎসকদের মতে, গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে অক্সিজেন সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যেসব রোগীর নিয়মিত বা উচ্চমাত্রায় অক্সিজেন প্রয়োজন, তাদের ক্ষেত্রে নির্ভরযোগ্য অক্সিজেন সরবরাহ ব্যবস্থা থাকা জরুরি।

সচেতন মহলের দাবি, কোটি টাকা ব্যয়ে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সচল রাখার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত হিউমিডিফায়ার বোতল, ফ্লোমিটার ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ নিশ্চিত করা দরকার। একই সঙ্গে নষ্ট আউটারগুলো দ্রুত মেরামত করে পুরো ব্যবস্থাকে কার্যকর করার দাবি জানান তারা।

গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা সরঞ্জাম নিয়ে ওয়ার্ড পর্যায়ে দীর্ঘদিন ধরে সংকট থাকলেও তা হাসপাতাল প্রশাসনের নজরে কেন আসেনি এমন প্রশ্নের জবাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন কমপ্লেন করেনি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজের ছয় দিন পর চার কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

নিখোঁজের ছয় দিন পর চার কিশোরীকে উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। নিখোঁজ দুই জোড়া কিশোরী নিজেদের মধ্যে সমকামিতার মাধ্যমে ‘বিয়ে’ করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী গত ৫ অক্টোবর পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। এরপর নিখোঁজ কিশোরীদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে মিরপুর থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার এক কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানায় পুলিশ। একইভাবে মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়।

পরে চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনা অনুযায়ী, গত ৫ অক্টোবর মিরপুরের তিন কিশোরী বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সেখানে নারায়ণগঞ্জের কিশোরীর সঙ্গে মিলিত হওয়ার পর তারা একসঙ্গে বসবাস শুরু করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চার কিশোরী ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী নিজেদের মধ্যে ‘বিয়ে’ করার সিদ্ধান্ত নিয়ে পবিত্র কোরআন স্পর্শ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বলে পুলিশকে জানায়। এরপর তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করছিল বলে পুলিশের ভাষ্য। অপর দুই কিশোরীও একই বাসায় অবস্থান করছিল।

এদিকে নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে মিরপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। মিরপুর থানার কাকিলাদহ ক্যাম্পের পুলিশ ফোর্স তাদের অবস্থান শনাক্ত করেন।

পরে গত ১১ অক্টোবর সন্ধ্যায় ঢাকার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চার কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারজনের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, টিকটক গ্রুপের মাধ্যমে কিশোরীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। নিখোঁজ তিন কিশোরীকে ঢাকার হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের একজনকেও উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। রায়ে একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের মোজাম্মেল হোসেন (৭৩), সামেদ আলীর ছেলে আইন উদ্দিন (৬৮) ও আকতার হোসেন (৪৩), আমেন উদ্দিনের ছেলে সাবু (৪১), আফসার শেখের ছেলে সোহাগ (৩৮), আজিরউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪৩), মজিবর রহমানের ছেলে বিপুল (৩৪), ছবের উদ্দিনের ছেলে বদর উদ্দিন (৬৮), আসাদুলের ছেলে আফসার শেখ (৬৫), জামির শেখের ছেলে সুমিন (৩৮), আফসার শেখের ছেলে সেলিম (৪১) এবং আমেন উদ্দিন শেখের ছেলে আবু (৩৭)।

এছাড়া আমির হোসেনের ছেলে জুলু (৩৮) ও রাহুল (৩৪) এই দুজনের দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য ও জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে সাহেব আলীকে হত্যা করা হয়। কুমারখালী উপজেলার পরে চর-চাপড়া গ্রামের একটি কলাবাগানের পাশে তার মরদেহ ফেলে রাখা হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আহম্মদ আলী ওরফে আকম আলী কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক কাজী কামাল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ২১ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মনির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেছেন।

খোকসায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা চতুর আলী প্রামাণিক (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার দিনগত রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পূর্ব গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চতুর আলী প্রামাণিক খোকসা উপজেলার ৯ নম্বর জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫ নম্বর পূর্ব গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই গ্রামের মৃত বেগু প্রামাণিকের ছেলে।

খোকসা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে থানা পুলিশের একটটি দল পূর্ব গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা চতুর আলী প্রামাণিককে গ্রেপ্তার করা হয়।

পাঁচ ধাপের ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি : ইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন; প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

তিনি বলেন, সাড়ে চার হাজার ইউপির মধ্যে ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল নির্বাচন হবে, চতুর্থ ধাপের ভোটের তারি ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে নির্বাচন হবে।

প্রথম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭ (৮০টি উপজেলার ৮১৫ ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭। তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল ২০২৭। চতুর্থ ধাপ: ১৩ মে ২০২৭। পঞ্চম ধাপ: ২৭ মে, ২০২৭

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এর আগে বলেছিলেন, তফসিল আমরা ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে, কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

১৩ তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইউপি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত তুলে ধরেন।

তিনি বলেন, সাড়ে চার হাজারের মধ্যে আনুমানিক চার হাজার তিনশর মত নির্বাচন উপযোগী রয়েছে, সেগুলো ২৭ মের মধ্যে শেষ করা হবে।

ইসি ভোটের তারিখ দিয়েছে; আর জেলা নির্বাচন কর্মকর্তারা ছয় সপ্তাহ বা যখন যে নির্বাচন হবে ৩৮-৪২ দিন আগে তফসিল ঘোষণা করবেন।

এ পাঁচটি দিনে ভোট হবে, সব নির্বাচনই বৃহস্পতিবারে পড়েছে। সব জেলায় নির্বাচন হবে প্রতি ধাপে, সদর উপজেলাকে অগ্রাধিকার থাকবে। যেসব ইউপি নির্বাচন উপযোগী হবে সেগুলো অগ্রাধিকার পরে। অ্যালফাবিটিক্যালি উপজেলাগুলো ধাপে ধাপে সমন্বয় করা হবে।
আইন শৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্টদের সাথে আলাদা বৈঠক করা হবে বলে জানিয়েছেন এ নির্বাচন কমিশনার।

স্থানীয় সরকারের সিটি, জেলা, উপজেলা, পৌরসভা মেয়াদোত্তীর্ণ রয়েছে। এসব বিষয়ে পরবর্তী কমিশন সভায় আলোচনা হবে।

নভেম্বর মাস থেকে পার্সোনালাইজেশন সেন্টারে স্মার্ট কার্ড প্রিন্ট শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আলোচ্যসূচি তুলে ধরে তিনি বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বৃদ্ধি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, যা পরবর্তীতে একটি কমিটির মাধ্যমে চূড়ান্ত করা হবে।

আগামী মাসের মাঝামাঝি থেকে পূর্ণ সক্ষমতায় স্মার্ট কার্ড প্রিন্ট করার এবং অডিট অবজেকশনসহ অন্যান্য প্রশাসনিক সমস্যার সমাধান করা হবে।

কোনো ভোটার মারা গেলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে পরিবারসহ নানা কারণে বিলম্ব ঘটে। এখন তা দ্রুতততম সময়ে হালানাগাদের উদ্যোগ নিচ্ছে ইসি।

এ নির্বাচন কমিশনার বলেন, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রচলিত পদ্ধতিকে আরও যুগোপযোগী করতে এবং অন্যান্য সোর্স থেকে তথ্য নিয়ে সময়মত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটি পাইলট প্রজেক্ট কিছু উপজেলা ও ইউনিয়নে চালু করা হবে।

এটি সফল হলে যথাসময়ে মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে সব উপজেলায় পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশন শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমান ইভিএমগুলো ডিসপোজাল সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। চূড়ান্তভাবে দুদকসহ আইনি জটিলতা নিষ্পন্নের জন্য এবং দ্রুত সময়ে ডিজপোজালের ব্যবস্থা নেওয়া হবে।

দেশজুড়ে বৃহস্পতি ও শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কমিশন বাড়ানো, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, প্রশাসনিক হয়রানি বন্ধসহ সাত দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. সেলিম খান।

তিনি বলেন, আগামী ১৫ তারিখ বৃহস্পতিবার এবং ১৬ তারিখ শুক্রবার—এই দুই দিন আমাদের সারা বাংলাদেশে সকল গ্যাসের দোকানপাট বন্ধ ঘোষণা করা হইল।

এ দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পরে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি দোকান বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দেন সেলিম খান।

সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ীদের সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—পরিবেশকদের কমিশন বাড়ানো, কোম্পানিগুলোর সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানার নামে হয়রানি বন্ধ করা।

সেলিম খান বলেন, পাঁচ বছর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের জন্য সিলিন্ডারপ্রতি ৫০ টাকা কমিশন নির্ধারণ করেছিল। কিন্তু এর মধ্যে জ্বালানি তেলের দাম, পরিবহন খরচ, সিলিন্ডার ওঠানো-নামানোর খরচ, গুদাম ভাড়া ও লাইসেন্স ফি বেড়েছে।

এসব কারণে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা বিক্রয়মূল্যের ৭ শতাংশ নির্ধারণের দাবি এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির।

এর আগে বিইআরসিকে দেওয়া চিঠিতে সংগঠনটি বলেছিল, কোম্পানি থেকে পরিবেশকের গুদাম পর্যন্ত একটি সিলিন্ডার আনতে ৫০ টাকা করে খরচ হয়। সিলিন্ডার ওঠানো-নামানো ও খুচরা বিক্রেতার কাছে পৌঁছাতে আরও ৩৫ টাকা লাগে। কর্মচারীর বেতন, গুদাম ভাড়া, বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ ২৫ টাকা।
এর সঙ্গে ৪০ টাকা মুনাফা ধরে সিলিন্ডারপ্রতি ১৫০ টাকা কমিশন দাবি করা হয় চিঠিতে।

সংবাদ সম্মেলনে সেলিম খান অভিযোগ করেন, বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করলেও কিছু কোম্পানি পাঁচ থেকে সাত দিন পর আবার দাম পরিবর্তন করে। এতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
কোম্পানিগুলো মাসে একাধিকবার দাম পরিবর্তন করতে চাইলে বিইআরসির মাধ্যমেই তা ঘোষণার দাবি জানান তিনি।
এলপিজির সরবরাহ সংকট নিয়েও কথা বলেন সমিতির সভাপতি সেলিম খান। তার দাবি, বর্তমানে ছয় থেকে সাতটি কোম্পানি ছাড়া বেশিরভাগ কোম্পানি গ্যাস সরবরাহ করতে পারছে না। অনেক কোম্পানি ঋণপত্র খুলতে না পারায় সারাদেশে কয়েক লাখ সিলিন্ডার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

এসব সিলিন্ডার সরকারি উদ্যোগে অথবা অন্য কোম্পানির মাধ্যমে পুনরায় গ্যাস ভরে বাজারে সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

সিলিন্ডার পরিবহনে পুলিশের হয়রানির অভিযোগও তোলেন সেলিম খান।

সেলিম খান বলেন, নিরাপত্তার জন্য পিকআপ ও ট্রাকে রেলিং রাখা প্রয়োজন। রেলিং না থাকলে কোম্পানিগুলো সিলিন্ডার সরবরাহ করে না।

কিন্তু গাড়িতে রেলিং থাকার কারণে ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে ভাষ্য এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির।

কোম্পানিগুলোর চালানে প্রকৃত দাম উল্লেখ করা এবং যেসব কোম্পানি পরিবেশকের গুদামে সিলিন্ডার পৌঁছে দেয় না, তাদের ন্যায্য পরিবহন ভাড়া দেওয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীদের অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগও তোলেন সেলিম খান।

বাগেরহাটে এক পরিবেশকের গুদাম থেকে সিলিন্ডার নিয়ে যাওয়া ও জরিমানা করার ঘটনা তুলে ধরে তিনি এসব অভিযান বন্ধের দাবি জানান।

সংবাদ সম্মেলন চলাকালে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান সেলিম খান।

তার দাবি, বিইআরসি চেয়ারম্যান ব্যবসায়ীদের দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

তবে চেয়ারম্যানের এ বক্তব্যের বিষয়ে বিইআরসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ৮ জানুয়ারি প্রশাসনিক অভিযান ও জরিমানার প্রতিবাদে দেশজুড়ে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। পরে বিইআরসির সঙ্গে বৈঠক এবং দাবি পূরণের আশ্বাসে ওই দিন বিকালে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এবারের কর্মসূচি এমন সময়ে ঘোষণা করা হল, যখন বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে।

গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো সরকার নির্ধারিত দামে সিলিন্ডার মিলছে না।
অন্যদিকে এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) দাবি করেছে, দেশে এলপিজির আমদানি ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে যারা এলপিজি বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেও অবস্থান জানিয়েছে সংগঠনটি।

দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

0

লতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার। এর অংশ হিসেবে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। পাইলটিং পর্যায়ে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের আট বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে।

পাইলটিং কার্যক্রম পরিচালনায় বরাদ্দ করা ৮৬ কোটি ৬০ লাখ টাকার বিপরীতে ব্যয় হয়েছে ৬৫ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে ৫৭ কোটি ২০ লাখ টাকা ভাতা হিসেবে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, চলতি বছরের জুলাই থেকে কর্মসূচির মূল বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ করা প্রক্সি মিন্স টেস্ট পদ্ধতিতে দেশের সব পরিবারকে আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে পাঁচটি কোয়ান্টাইলে ভাগ করা হয়েছে। এগুলো হলো অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।
মন্ত্রী জানান, পিএমটি স্কোর ৮৬০ বা তার কম পাওয়া নারী পরিবারপ্রধান ভাতা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে ভাতা দেওয়া হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোয়ান্টাইলভুক্ত অর্থাৎ তুলনামূলক কম স্কোর পাওয়া পরিবারগুলোর নারী পরিবারপ্রধানকে।

সোমবার থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার খানা বা পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহের কাজে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত করা হয়েছে। নিয়োজিত কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে।

মন্ত্রী জানান, তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। কার্যক্রমটি কার্যকরভাবে পরিচালনার জন্য মোবাইল সিম কার্ড সংগ্রহ, নেটওয়ার্কভিত্তিক সাইবার নিরাপত্তা, কর্মী ব্যবস্থাপনা এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) স্থাপনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আগামী ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে এ হিসাব নির্ধারণ করা হয়েছে। পরে পিএমটি পদ্ধতিতে ডেটাবেইজ থেকে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

তিনি জানান, চলতি অর্থবছরে নতুন ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনা হবে।

উপকারভোগীদের দেওয়া ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধা থাকবে। কার্ডটি সরকারের টাকাপের পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে উপকারভোগীরা ব্যাংকের এটিএম বুথ, বিপণিবিতানের পয়েন্ট অব সেলস (পিওএস) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে ভাতার টাকা তুলতে পারবেন বলে জানান মন্ত্রী।

ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙন তীব্র হচ্ছে

0

পাঁচশ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমতে শুরু করার সাথে সাথে নদী ভাঙন প্রকট আকার ধারণ করেছে।

স্থানীয় কৃষকরা জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর, লিসেনদিয়া, রায়টা ও আরকান্দি এলাকায় পদ্মা নদীর তীরের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন লেগেছে। গত দুই মাসে প্রায় ৫০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন চলছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে ক্ষয়ক্ষতি বাড়ছেই।

গত এক বছরে বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের আরকান্দি, মাধবপুর, রায়টা, লিসেনদিয়া ও জুনিয়াদহ অংশে প্রায় ২ হাজার বিঘা আবাদি জমি নদীতে চলে গেছে। এসব জমির অধিকাংশেই পান চাষ হতো, যা এলাকার প্রধান অর্থকরী ফসল। এই পানের ওপর নির্ভর করে চলে দেশের পুরনো ও ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া পান বাজার।

কুচিয়ামোড়া এলাকার পানচাষী ও ব্যবসায়ী নেতা আসলাম হোসেন বলেন, “প্রতিদিন ৯-১০ বিঘা করে জমি নদীতে চলে যাচ্ছে। পাউবো একেবারে নির্বিকার। আমরা গণ আবেদন জানিয়েছিলাম, কোনো ব্যবস্থা নেয়নি।

উপজেলা প্রশাসন কয়েকদিন আগে ক্ষতিগ্রস্ত ৩২০ জন পানচাষীর তালিকা নিয়ে গেছে। এরা গত এক বছরে প্রায় ৩০ হাজার পিলি পানবরজ হারিয়েছেন। এর ক্ষতিপূরণ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।”

রায়টা এলাকার পানচাষি নাসিম হোসেন বলেন, “গত কয়দিন আগে আমাদের ৪ বিঘা জমি ও ২২০ পিলি পানবরজ নদীতে ভেঙে গেছে। আমরা এখন পথের ফকির। ছোট ভাই দুঃখে কর্মসংস্থানের জন্য বিদেশে চলে গেছে।”

মাধবপুরের পানচাষি আব্দুল জলিল বলেন, “পদ্মার পাড়ে আমাদের ৭ বিঘা জমি ছিল। এখন মাত্র ৪ কাঠা আছে। এই দুঃখ কাকে বলবো।”

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই ইউনিয়নের প্রায় ৩২০ জন কৃষকের তালিকা তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.আসফাউদদৌলা বলেন, “ভেড়ামারার ওই অঞ্চলে প্রায় ৫ কিলোমিটার জুড়ে ভাঙন হচ্ছে। এর মধ্যে তিন কিলোমিটার অত্যন্ত গুরুতর, যা জরুরি সহায়তা দিয়ে রোধ করা অসম্ভব। আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। প্রকল্প পাস হলে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ইতোমধ্যে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জোর তাগিদ দেওয়া হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পানচাষী ও কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রদান করা হবে।

খোকসায় সঞ্চয়ের টাকা ফেরৎ পেতে নারী আমানতকারীদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র ম্যানেজার ও সাবেক সভাপতি কর্তৃক আত্মসাত করা সদস্যদের সঞ্চয়ের সাড়ে ২২ লাখ টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে নারী আমানত কারীরা।

সোমবার সকাল ১০ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের প্রধান ফটকে সমিতিতে টাকা আমানত কারী নারীরা জড়ো হয়। এক পর্যায়ে ৫/৬ শ আমানতকারী নারীরা উপজেলা পরিষদে প্রবেশের রাস্তার দুই পাশে ব্যানার ফেসটুনসহ মানববন্ধন করে। প্রায় ১ ঘন্টা ধরে আন্দোলন করীরা এ কর্মসূচি পালন করে। তাদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পরে আন্দোলন কারীরা বিক্ষিাভ মিছিলসহ থানায় কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের বাঁধা দেওয়া হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা সদরে মিটিং এ থাকায় এসআই রাজু আন্দোলন কারীদের সাথে কথা বলেন। তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে আন্দোলন কারীদের স্মারকলিপিটি গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শক্তি সঞ্চয় ও ঋণদান সমিতি লিঃ এর সভাপতি তাসলিমা সুলতানা, সাধারন সম্পাদক আব্দুল জলিল প্রামানিক, সদস্য মরিয়ম খাতুন ও এনজিও প্রতিনিধি অসীম বাছাড় প্রমুখ।

ভুক্তভোগী নারী আমানত কারীরা জানান, তারা এফএইচএ নামের এনজিওর সদস্য ছিলো। ওই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কার্যক্রম শেষ করে চলে গেছে। প্রতিষ্ঠানটির খোকসা, শিমুলিয়া ও জানিপুর ইউনিয়নের প্রায় ৮৬০ জন নারী সদস্য নিজেদের উদ্যোগে শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠা করেন। গত ২০২১ সালে তাদের নিজেদের নির্বাচন করা ম্যানেজার ও সাবেক সভপতি ফাতেমা খাতুন, কর্মী আকরাম হোসেন ও সীমা খাতুন যোগসাযোসে সদস্যদের সঞ্চয়ের সাড়ে ২২ লাখ টাকা তুলে নিয়ে আত্মগোপন করেন।

তারা আরও জানান, সদস্যদের সঞ্চয়ের টাকা ফেরৎ পেতে ও দোষীদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। টাকা আত্মসাতের সাথে জড়িত ম্যানেজারকে হাজির করে ট্যাম্পে লিখিত নেওয়া হয়। কিন্তু তার পরে বছর পার হলেও সদস্যদের আমানতের টাকা ফেরত দেয়নি।

ডিম বিক্রি করে নিজেদের (শক্তি সঞ্চয় ও ঋণদান সমাবয় সমিতি’র) সমিতিতে সামান্য কিছু টাকা জমিয়েছিলেন বয়বৃদ্ধ রুপালী বিবি। তিনি শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের তাইজাল শেখের স্ত্রী। এখন তিনি আর হাটতে চলতে পারেন না। বিছানায় পরে গেছেন। তার পক্ষে বৃদ্ধ স্বামী তাইজাল শেখ যোগদেন মানববন্ধনে। স্ত্রীর অন্তিম ইচ্ছা ‘তার জমানো টাকায় যেনো কাফনের কাপড় কিনা হয়।’

শিমুলিয়া ইউনিয়নের জোৎ মানিকাট গ্রামের বিনা রানী বিশ্বাস। ২০২৪ থেকে ২০২১ সাল পর্যন্ত মুষ্টির চাউল বিক্রি করে শক্তি সঞ্চয় সমবায় সমিতিতে প্রায় ৪০ হাজার টাকা জমিয়ে ছিলেন। তাদের নিয়োগ দেওয়া ম্যানেজার সে টাকা আত্মসাতকরে চলেগেছে। সমিতির ম্যানেজর প্রায় সাড়ে আটশ আমানতকারীর সাড়ে ২২ লাখ টাকা আত্মসাত করেছে।

তিনি আরও জানান, অনেক চেষ্টা তদবিরের পর অভিযুক্তদের হাজির করা হলেও তারা টাকা দিচ্ছে না। তারা অপরাধিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

সদস্যদের আমানতের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ম্যানেজার ফাতেমা খাতুনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খোকসা থানার এসআই রাজু বলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা সদরের মিটিং করছেন। তিনি স্মারকলিপির কপি গ্রহন করেছেন। ডাক ফাইলে জমাদেন। উদ্ধতন কর্মকর্তারা ফিরে ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর বলেন, তারা স্মারক লিপি পেয়েছেন। ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে পাঠাবেন।

পদ্মায় জলদস্যুদের দু’পক্ষে সংঘর্ষ, স্পিডবোটে আগুন-গুলিবর্ষণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে স্থান ত্যাগ করে।

ঘটনার সময় নদী তীরবর্তী পানবরজে কাজ করা চাষিরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরেই তারা পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া উড়তে দেখেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি মিটিংয়ে রয়েছেন জানিয়ে সংযোগ কেটে দেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...