বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 208

সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার করা হবে – তথ্য মন্ত্রণালয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর, সংস্থা। পরিকল্পনার মধ্যে সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ পরিকল্পনা ঘোষণা করেন।

গণমাধ্যম ইস্যুতে অন্যান্য যেসব কর্মপরিকল্পনা রয়েছে;-

-স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে।
-গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
-সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
-গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন, বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংস্কার করা হবে।
-সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ গ্রহণ করা হবে।
-অনলাইন নিউজ পোর্টালের লাইসেন্স দেওয়ার নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হবে।
-তথ্য অধিকার আইন ২০০৯ এর কতিপয় ধারা সংশোধন করে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন – ইউএনও‘র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, বেতন কাঠামো কম হওয়ায় তরুণরা সাংবাদিকতা পেশায় আকর্ষণ হারাচ্ছে।

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের বেতন কাঠামো ঠিক করার জন্য ওয়েজ বোর্ড সংস্কারের চিন্তাভাবনা করা হচ্ছে।’

ইউএনও‘র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২ টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর বদলি প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে সমবেত হয়। পরে শিক্ষার্থীরা মানববন্ধন অংশ নেয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দাবীর প্রতি সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানায়, ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। কারণ অনেক অমিমাংসিত বিষয় সুষ্ঠু ভাবে সম্পুর্ন করতে ইউএনও’র আরও কিছুদিন থাকার প্রয়োজন। যে সময়টুকু লাগবে ততদিন তিনি থাকুক। নতুন যিনি আসবে তার বুঝতে সময় লেগে যাবে। সমস্যা বাড়বে। আমাদের দাবী আরও কিছুদিন আমরা তাকে এখানে চাই। বদলী প্রত্যাহার চাই।

আরও পড়ুন – লুটের পর তালা ঝুলিয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার দোকানে

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ইউএনও কে মেহেরপুর সদরে বদলির আদেশ হয়েছে। শিক্ষার্থীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড বলেন, আমার বদলি আদেশ হয়েছে। কিন্তু এখনও রিলিজ আদেশ হাতে পাইনি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। যেখানে আদেশ হবে যেতে হবে এটাই নিয়ম। শিক্ষার্থী ও ভেড়ামারার মানুষের ভালোবাসা পেয়েছি এটি ভুলবার নয়। বদলীর বিষয়ে সরকারের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত বলে তিনি জানান।

লুটের পর তালা ঝুলিয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার দোকানে

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘৫ আগষ্ট সরকার পতনের পর দোকানে ভাঙচুর করে প্রায় ৯০ লাখ টাকার গার্মেন্টস মালামাল লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দ্বিতীয় দফায় বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোরপূর্বক দোকান দখলের উদ্দেশ্যে তালা ভেঙে নতুন করে ১০ টি তালা লাগিয়ে দিলো আব্দুল মজিদ পেশকার নামের এক প্রভাবালী।

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সোনাবন্ধু সড়কস্থ সোনানী হস্তশিল্প নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিন এ ঘটনার শিকার হয়েছেন। এই ব্যবসায়ী পৌর আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ড সভাপতি।

দোকানের মালিক জসিম উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুড়ান্ত বিজয়ের দিন ৫ আগস্ট লুট হওয়ার পর দ্বিতীয় দফায় ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ নেতা দোকানে।

তিনি আরও জানান, ২০১৭ সালে ২০ লাখ টাকা দিয়ে সিরাজুন্নাহার নামে একজনের কাছ থেকে এক দশমিক ৬১ শতাংশ জমি কিনে দোকান করেছেন। ইতোমধ্যে নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল এলাকার আব্দুল মজিদ পেশকার এই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। মামলাটি চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বুধবার সন্ধায় মজিদ পেশকার দোকানের তালা ভেঙে ১০ টি নতুন তালা লাগিয়ে দিয়েছেন। বুধবার রাতে তার স্ত্রী সোনালী আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোনালী হস্তশিল্পের তালা ভাঙার ভিডিওতে দেখা যায়, একজন অজ্ঞাত ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের তালা ভাঙছেন। পাশেই দাঁড়িয়ে আছেন মজিদ পেশকার। আর বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, দোকানের সাটারে আঘাতের চিহৃ। বেশকিছু নতুন তালা লাগানো রয়েছে।

আরও পড়ুন – ঝিনাইদহে গণপিটুনিতে সন্দেহভাজন গরু চোরের মৃত্যু

নাম প্রকাশ না করা শর্তে একজন দোকানী বলেন, কুমারখালীর বড় দোকান গুলোর একটি সোনালী হস্তশিল্প। দোকানের জমি নিয়ে ঝামেলা আছে। বুধবার মজিদ পেশকার পুরাতন তালা ভেঙে নতুন করে তালা লাগিয়েছে। আর ৫ আগষ্ট ব্যাপক লুটপাট করেছে দুর্বৃত্তরা।

প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি অভিযুক্ত আব্দুল মজিদ পেশকার।

কুমারখালী পৌর বনিক সমিতির সভাপতি কে আলম টমে বলেন, আওয়ামী লীগ পন্থী হওয়ায় ৫ আগষ্ট দুর্বৃত্তরা দোকানটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। তবে দোকানটির জমি ও পজিশন মালিকানা নিয়ে আইনী জটিলতা রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে গণপিটুনিতে সন্দেহভাজন গরু চোরের মৃত্যু

0
চোর সন্দেহে আটক দুই ব্যক্তি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামের সন্দেহভাজন গরু চোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। সেখানে উপস্থিত জনতা তাদের গণপিটুনি দেয়। এক পর্যায়ে রাশেদ শেখ নামের এক ব্যক্তি মারা যায়। রাশেদ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। এ ঘটনায় চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক গ্রামবাসী জখম হয়েছেন।

গণপিটুনিতে আহত রাজদুল শেখ (নিহত রাশেদের ছোট ভাই) ও চাচা বজলুর রহমান বটকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতের অপর সঙ্গী শরিফুল ইসলাম পালিয়ে যায়।

আরও পড়ুন – জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা: সংস্কার আনতে প্রাথমিকভাবে ৬ কমিশন গঠন

খবর পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল ঘটনা স্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা বলছেন, হতাহতরা দির্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বটা চোরের পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চুরির দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে পরিচিত।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটুনির স্বীকার হয়। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা: সংস্কার আনতে প্রাথমিকভাবে ৬ কমিশন গঠন

0
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

দ্রোহ অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বার্তা ও আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠাকে কেন্দ্রে রেখে ইতোমধ্যে প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্র্বতী সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। গণঅভ্যুত্থানের বার্তা ও আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য একটি অভূতপূর্ব সময় ও সুযোগ আমরা অর্জন করেছি। এর বাস্তবায়ন তথা বাংলাদেশে ফ্যাসিজম বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানা ভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয়ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি, সেহেতু নির্বাচনব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের ওপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন- এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি করে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি।

এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালিনার দায়িত্ব দিয়েছি। এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন – ইবি শিক্ষার্থী হত্যার ৯ বছর পর মামলা হলো

‘এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শসভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র-শ্রমিক-জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’

ড. ইউনূস বলেন, পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আশা করছি এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শসভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে।

‘এই আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনঃনির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস।’

ইবি শিক্ষার্থী হত্যার ৯ বছর পর মামলা হলো

0

ঝিনাইদহ প্রতিনিধি

ইসলামী বিশ্বদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিবির নেতা সাইফুল ইসলাম মামুন হত্যার ৮ বছর পর মামলা হয়েছে।

বুধবার দুপুরে নিহত সাইফুলের পিতা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মুচড়াপাড়া গ্রামের লুৎফর রহমান বিশ্বাস বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কাঞ্চিলালসহ ৯ পুলিশকে আসামী করা হয়েছে। এছাড়া আসামী হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসসহ ঝিনাইদহ ও শৈলকুপার ৫ নেতাকর্মী। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহন করার জন্য ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশ দেন।

আরও পড়ুন – কুমারখালীতে সারের ডিলারকে ৩৫ হাজার জরিমানা

তথ্য নিয়ে জানা গেছে, ২০১৬ সালের পহেল জুলাই ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামের টুলু মিয়ার বাড়ি থেকে সাদা পোশাকের লোকজন সাইফুল ইসলাম মামুনকে তুলে নিয়ে যায়। নিখোঁজ থাকার ১৭ দিন পর সদর উপজেলার আড়–য়াকান্দি গ্রামের মাঠে কথিত বন্দুক যুদ্ধে নিহত হওয়ার কথা প্রচার করে পুলিশ। বাদী তার নালিশের বিবরণে উল্লেখ করেন, ১০ থেকে ১৫ নং আসামীগন আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী। তারা জনমনে ত্রাস সৃষ্টি ও শিবিরকে নিশ্চহ্ন করার জন্য শিবির নেতা সাইফুল ইসলাম মামুনকে পুলিশ দিয়ে প্রথমে অপহরণ ও পরে হত্যা করে।

আসামীরা প্রভাবশালী ও পতিত সরকারের আজ্ঞাবহ হওয়ায় এতোদিন বাদী মামলা করতে সাহস পাননি বলে নালিশের বিবরণে উল্লেখ করেন। ঝিনাইদহের বিজ্ঞ আমালী সদর আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গন্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে বাদী লুৎফর রহমান বিশ্বাস বুধবার বিকালে নিশ্চিত করেন।

কুমারখালীতে সারের ডিলারকে ৩৫ হাজার জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভুয়া ভাউচার তৈরি করে বেশি দামে সার বিক্রি, নিয়মিত দোকান না খোলা ও প্রাপ্ত সারের সঠিক হিসাব না থাকার অপরাধে এক ডিলারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বেলা পৌণে একটায় কুমারখালী স্টেশন বাজার এলাকার মেসার্স হাজী এন্টারপ্রাইজের প্রোপাটর কামরুজ্জামান রতনকে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এসময় কুমারখালী কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জানা গেচে, বিসিআইসির নিয়ম অনুযায়ী একজন ডিলারকে নিয়মিত দোকান খুলতে হবে এবং ন্যায্য মূল্যে সার বিক্রি করতে হবে। কিন্তু মেসার্স হাজী এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে নিয়ম ভেঙে অধিকাংশ সময় দোকান বন্ধ রাখেন। এবং বিভিন্ন নামে ভুয়া ভাউচার তৈরি করে বেশি দামে বিক্রি করে আসছেন। ভুক্তভোগীদের এসব অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুই ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার কামরুজ্জামান রতনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, বিভিন্ন নামে ভুয়া ভাউচার তৈরি করে বেশি দামে সার বিক্রি, নিয়মিত দোকান না খোলা ও প্রাপ্ত সারের সঠিক হিসাব না থাকার অপরাধে মেসার্স হাজী এন্টারপ্রাইজের ডিলারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নিয়ম কানুন মেনে চলতে কঠোর সতর্কীকরণ করা হয়েছে।

কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঠালবাগান এলাকা থেকে ৪০ লাখ টাকা মুল্যের এক হাজার ১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে বুধবার ভোরে এই বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী বাদশা সোলায়মান কালীগঞ্জের কাঠালবাগান পাড়ার শাহাবুদ্দীনের ছেলে।

আরও পড়ুন – খোকসায় রহস্যজনক এজাহার ঘিরে নিরব চাঁদাবাজি

বুধবার দুপুরে র‌্যাবের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাদকের একটি বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে অভিযান চালায় র‌্যাব-৬। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একটি গোডাউন থেকে উদ্ধার করা হয় এক হাজার ১২ বোতল ফেন্সিডিল। যার আনুমানিক মুল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় বুধবার দুপুরে মাদক আইনে মামলা করা হয়। আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

খোকসায় রহস্যজনক এজাহার ঘিরে নিরব চাঁদাবাজি

0

স্টাফ রিপোর্টার

একটি রহস্যজনক এজাহারের কপি এখন সবার মুঠো ফোনে ঘুড়ছে। এই এজাহার কেন্দ্র করে একটি চক্র নিরব চাঁদাবাজি করছে। এজাহার নিয়ে চাঁবাজির সাথে জড়িতদের আইনে সোপর্দ করতে স্থানীয় বিএনপি’র নেতা তার ব্যক্তিগত ফেজবুকে ষ্ট্যাটাস দিয়ে শতর্ক করেছেন।

কুষ্টিয়ার খোকসায় একটি চক্র সম্প্রতি বিভিন্ন ব্যক্তির হোয়াটর্স আ্যাপে রহস্যজনক একটি এজাহারের কপিটি ছড়িয়ে দেয়। কথিত এজাহারটির কুষ্টিয়া সদর থানায় দায়ের করা হয়েছে বলে চক্রটি প্রচার চালাতে থাকে। ৫২ জনের নামের এই এজাহারে মুক্তিযোদ্ধা, হিন্দু ব্যবসায়ী, বিএনপি পরিবারের সদস্য, চাকুরিজীবীসহ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতদের নাম লেখা হয়েছে।

ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী ও চাকুরিজীবীরা জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশের অনুপস্থিতে বিএনপির ব্যানার ব্যবহার করে এক শ্রেণির সুবিধা ভোগীরা হামলা মামলার ভয় দেখিয়ে নিরবে চাঁদাবাজি করে চলেছে। গত বৃহস্পতিবার নতুন করে যুক্ত হয়েছে এজাহার আতঙ্ক। দিনের আলোয় ভদ্রবেশে মুঠো ফোনে কাছে ডেকে এজারের নাম দেখিয়ে সর্বনিন্ম ৫ হাজার টাকা থেকে মোটা অংকের চাঁদা দাবি করছে। অনেকেই নিজের নাম এজাহারে দেখে ভয়ে দাবিকৃত চাঁদা পরিশোধ করেছেন। চাঁদা না দিলে দেখানো হচ্ছে ভয়ভীতি।

খোকসা বাজারের ব্যবসায়ী গোলাম ছরোয়ারের ছেলে বর্ষন (২৯)। রহস্যজনক এজাহারের তার নাম রয়েছে ১৯ নম্বর ক্রমিকে। তার কাছে স্থানীয় বিএনপির এক প্রভাবশালীর নেতার নিকট আত্মীয় এসেছিলেন। এজাহার থেকে নাম বাদ দেওয়ার জন্য ৫ হাজার টাকাও চেয়েছেন। কিন্তু নিজে বিএনপি পরিবারের ছেলে হওয়ায় তিনি দলের স্থানীয় নেতাদের বিষয়টি জানিয়েছেন বলে নিশ্চিত করেন।

আরও পড়ুন – সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখল মুক্ত হলো

উপজেলা শিমুলিয়া ইউনিয়নের নগেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস। তাকে এই এজাহারে ২৬ নম্বরের আসামী করা হয়েছে।

এজাহারটির সত্যতা যচাই করতে খোকসা থানা ভারপ্রাপ্ত আননুর যায়েদের সহযোগীতা নেওয়া হয়। তিনি সাফ জানান, মামলার এজাহারে ঘটনার বিবরণ থাকতে হয়। ঘটনায় কার কি ভুমিকা ছিল তা থাকতে হয়। কিন্তু কথিত এজাহারে সেসবের অস্তিত নাই। এটা নিছক হয়রানি বা অসৎ উদ্যেশ্যে করা হয়েছে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। তবে তিনি নিজেও চক্রটির সন্ধ্যানের চেষ্টা করবেন বলে জানান।

খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহাম্মেদ রাজু তার ফেজবুকে এই এজাহারটিকে কথিত আক্ষাদিয়ে জনসাধারণকে শতর্ক করেছেন। একই সাথে চাঁদার ধান্দা করলে তাকে আইনে সোপর্দ করতে অনুরোধ করেছেন।

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখল মুক্ত হলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি নেতার কবল থেকে দখলমুক্ত হলো দুই বাংলার (বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ) জনপ্রিয় কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মাদারীপুরের ডাসার উপজেলার প্রশাসন বাড়িটি উদ্ধার করলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত।

জানা গেছে, কথাসাহিত্যিক সুনীলের বাড়ি দখল হলে জেলাজুড়ে শুরু হয় আলোড়ন। বিষয়টি নজরে আসলে নড়েচড়ে বসে প্রশাসনও। এই ঘটনায় দায়ী বিএনপি নেতার বিচার দাবি করেছেন জেলার কবি, সাহিত্যিক ও লেখকরা। অভিযুক্ত সোহেল হাওলাদার কালকিনি উপজেলা (বর্তমানে ডাসার উপজেলা) বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক। তার বাড়ি কাজীবাকাই ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকায়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সোহেল হাওলাদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

গত শনিবার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের সুনীলের পৈতৃক ভিটা দখলে নেয় উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার। সেখানে থাকা গুরুত্বপূর্ণ ছবি, বই, স্মৃতিচারণ নষ্ট ও ভাঙচুরেরও অভিযোগ ওঠে।

কাজীবাকাই ইউনিয়নের ওএমএসের ডিলার হওয়ায় সেখানে তিনি চালের গুদাম করেন। এছাড়া লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসকের দেওয়া সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন- জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ

খবর পেয়ে ঘটনার তিনদিন পর বাড়িটি দখলমুক্ত করে প্রশাসন। এমন ঘটনার নিন্দা জানিয়েছেন জেলার সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীরা। বিচার দাবি করেন দখলদারের।

মাদারীপুরের ডাসার উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা এরইমধ্যে দখলমুক্ত করা হয়েছে। যদি কেউ এই জায়গার মালিকানা দাবী করে, তাহলে আদালতে মামলা করে আসতে হবে। আর অবৈধভাবে যে বা যারা দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণ করবে প্রশাসন।

উল্লেখ্য, ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন সুনীল। তার পৈতৃক ভিটা পূর্ব মাইজপাড়া গ্রামে। দেশভাগের পর ভারতে চলে গেলেও মাটির টানে তিনবার পৈতৃকভিটায় ছুটে আসেন তিনি। তাকে স্মরণে ২০০৪ সালে সুনীল সাহিস্য চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হলেও সেটিরও আলোর মুখ দেখেনি। ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় পরলোক গমন করেন খ্যাতিমান এই সাহিত্যিক।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...